ক্ষুদ্র উদ্যোক্তারাও শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহ করতে পারবেন
নিজস্ব প্রতিবেদক: দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা দেশের শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহ করতে পারবেন। সর্বনিম্ন ৫ কোটি থেকে সর্বোচ্চ ৩০ কোটি টাকার মূলধন সংগ্রহ করতে পারবেন তারা। বিএসইসি কোয়ালিফায়েড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজ রুলস ২০১৮ অনুসারে ক্ষুদ্র উদ্যোক্তাদের পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনে সুযোগ তৈরি করতে ডিএসই ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
তিন বছর মেয়াদি সমঝোতা স্মারক অনুসারে, দেশের এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশন ও ডিএসই বেশকিছু কর্মসূচি পরিচালনা করবে। এর মধ্যে রয়েছে এসএমই খাতের উন্নয়নে যৌথ গবেষণা পরিচালনার পাশাপাশি পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনের বিষয়ে এসএমই উদ্যোক্তাদের অবহিতকরণের উদ্দেশ্যে যৌথ প্রচারণা, পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনে এসএমই উদ্যোক্তাদের সহযোগিতার উদ্দেশ্যে যৌথ উদ্যোগে সভা, সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা ইত্যাদি আয়োজন করা, এসএমই ফাউন্ডেশন পুঁজিবাজার থেকে মূলধন উত্তোলনে আগ্রহী ও যোগ্য উদ্যোক্তাদের তালিকা সরবরাহ করবে, সবুজ অর্থনীতি বা পরিবেশবান্ধব শিল্পায়নের জন্য পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং এসএমই ফাউন্ডেশন এসএমই উদ্যোক্তাদের পণ্য বাজারজাতে ধারণা দেবে ও উভয় পক্ষ প্রযুক্তি উন্নয়ন বিষয়ে পারস্পরিক তথ্য বিনিময় করবে।
অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের পক্ষে প্রতিষ্ঠানটির এমডি ড. মো. মফিজুর রহমান এবং ডিএসইর পক্ষে এক্সচেঞ্জটির এমডি তারিক আমিন ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
ডিএসই চেয়ারম্যান মো. ইউনুসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান বলেন, দেশের এসএমই উদ্যোক্তাদের অন্যতম বড় সমস্যা পুঁজি সংকট। ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে বছরে এ খাতে ১ লাখ ৮০ হাজার কোটি টাকার ঋণ দেয়া হলেও প্রকৃত চাহিদা অন্তত তিন গুণ বা ৫ লাখ ৪০ হাজার কোটি টাকার মতো। তিনি এ সুযোগ গ্রহণ করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
ডিএসই চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান বলেন, সরকার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের দুই দফায় প্যাকেজ ঘোষণা করলেও নানা জটিলতায় বেশির ভাগ উদ্যোক্তা তার সুফল পাননি। সেক্ষেত্রে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করতে পারা তাদের জন্য একটা বড় সুযোগ। তাই ব্যাংকে না গিয়ে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে তিনি এসএমই উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।
শেয়ারনিউজ, ০৭ সেপ্টেম্বর ২০২১
https://www.sharenews24.com/article/39453/index.html

